জলপাইগুড়ি, ১ আগস্ট: জলপাইগুড়িতেও শুরু হল ‘সেনসাস ২০২৭’।
‘সেনসাস ২০২৭’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে জনগণনা কর্মসূচির সূচনা করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক অদিতি চৌধুরী, পুলিশ সুপার, সাংসদ জয়ন্ত কুমার রায়, বিধায়ক-সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনিউমারেশন পর্ব।নাগরিকরা অনলাইনে বাড়িতে বসেই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন।
এই বিষয়ে জেলাশাসক অদিতি চৌধুরী জানান, জলপাইগুড়ি জেলায় জনগণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় ৫ হাজার ৩৪ জন এনুমারেটর এবং ৭৮৫ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে এবং প্রয়োজনীয় কিটও বিতরণ করা হয়েছে।
অন্যদিকে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, প্রায় ১৫ বছর পর দেশে জনগণনা হচ্ছে। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হওয়ায় ভুল-ত্রুটির সম্ভাবনা কমবে। তিনি সকল নাগরিককে জনগণনায় অংশগ্রহণের আহ্বান জানান।
