শিলিগুড়ি, ১৯ আগস্টঃ শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার পর আজ কাওয়াখালিতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন এডিজি (সিএম সিকিউরিটি) মনোজ ভার্মা।
এদিন পরিদর্শনের সময় এডিজি মনোজ ভার্মার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।অনুষ্ঠানস্থল ঘুরে দেখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা।
জানা গিয়েছে, ভারতের ন্যায় সংহিতা এবং নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাওয়াখালি ময়দানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে পাঁচ দিনব্যাপী নাটক এবং অন্যান্য সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনগণকে নতুন আইন সম্পর্কে অবগত করা হবে। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন।এই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কোথাও যাতে কোনরকম খামতি না থাকে তা নিয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।
