শিলিগুড়ি, ১৯ আগস্টঃ তারাপীঠ ও কলকাতার হোটেলে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনার পর শিলিগুড়িতেও উঠে এল একাধিক অনিয়ম।শিলিগুড়ি জংশন এলাকায় রাস্তার ধারের খাবারের দোকানের পেছনে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক হোটেল, যেখানে নেই ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা।
সম্প্রতি হোটেলে অগ্নিকান্ডের ঘটনার পরই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।শিলিগুড়িতেও নিয়ম না মেনে প্রচুর হোটেল গজিয়ে উঠেছে।
অভিযোগ, রাস্তার ধারে বৈধ খাবারের দোকানের পেছনের অংশে পাঁচ থেকে দশটি ঘর নিয়ে গড়ে তোলা হয়েছে এই হোটেলগুলি। সম্পূর্ণ নির্মাণই রেলের জমির উপর অবৈধভাবে হয়েছে বলে অভিযোগ।সেই হোটেলগুলির মধ্যে বেশিরভাগই হোটেলেই নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।কোন দুর্ঘটনা ঘটলে কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করা যাবে তা নিয়েই উঠছে প্রশ্ন।
এই বিষয়ে শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এগুলিকে অবৈধ হোটেল বলে আসছি। প্রশাসনের একাংশের মদতেই এই ধরনের হোটেলগুলি চলছে। সরকারের উচিত দ্রুত দায়িত্ব নিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
