শিলিগুড়ি, ১৮ আগস্টঃ শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কাওয়াখালি ময়দানে শুরু হয়েছে জোর প্রস্তুতি।মঙ্গলবার কাওয়াখালি ময়দানে পৌঁছে সুরক্ষা ব্যবস্থা এবং অনুষ্ঠান স্থল পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।
জানা গিয়েছে, ভারতের ন্যায় সংহিতা এবং নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাওয়াখালি ময়দানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে পাঁচ দিনব্যাপী নাটক এবং অন্যান্য সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনগণকে নতুন আইন সম্পর্কে অবগত করা হবে। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন।এদিন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা কাওয়াখালি ময়দানে পৌঁছে অনুষ্ঠানস্থল, প্রবেশ ও প্রস্থানের পথ, পার্কিং ব্যবস্থা এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনাও করেন তিনি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
