শিলিগুড়ি, ১৮ আগস্টঃ ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সকল বিষয়ে পাশ না হওয়া পড়ুয়ারা সপ্তম সেমিস্টারে ভর্তি হবে না, এই নির্দেশ জারি হতেই বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
পড়ুয়াদের অভিযোগ, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতে গিয়ে সমস্যায় ফেলা হয়েছে স্নাতক শিক্ষার্থীদের। এই অবস্থায় শিক্ষার্থীদের না ছিল পাঠ্যক্রম, না শিক্ষক ছিল।এই কারণে সঠিকভাবে পড়াশোনা করতে না পেরে অনেক শিক্ষার্থী একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এই অবস্থায় সপ্তম সেমিস্টারে ভর্তির দাবি জানিয়ে আজ রেজিস্ট্রার অফিসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই এই সমস্যার সমাধান না হলে বন্ধ করে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়, এমনটাই হুঁশিয়ারি দেয় পড়ুয়ারা।
পড়ুয়াদের বক্তব্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬০ শতাংশ পড়ুয়ারা সপ্তম সেমিস্টারে ভর্তি হতে পারনি। এই সমস্যার রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাধান করা হলেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তা করা হয়নি বলে অভিযোগ।
অন্যদিকে রেজিস্ট্রার ডঃ স্বপন রক্ষিত জানান, পড়ুয়াদের অভিযোগ শোনা হয়েছে। গোটা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সহ উচ্চ শিক্ষা দফতরে জানানো হয়েছে।
