খড়িবাড়ি, ১৯ আগস্টঃ সরকারি জমি দখল করে অবৈধভাবে বিক্রির অভিযোগ।ঘটনায় গ্রেফতার মার্কেট কমিটির সভাপতি।
জানা গিয়েছে, খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে মেচি মার্কেট ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২০ সালে ৭.৯২ একর জমি রাজ্য সরকারের কাছ থেকে লিজ নেয়। এই লিজ ভুক্ত জমির বাইরেও প্রায় ৩.৬১ একর সরকারি জমি বেআইনিভাবে দখল এবং বিক্রির অভিযোগ উঠে। গত ৮ আগস্ট সরকারি জমি দখল এবং ভুয়ো নথি বানিয়ে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ দায়ের করেন ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মূর্মূ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মার্কেট কমিটির সভাপতিকে গ্রেফতার করলো খড়িবাড়ি থানার পুলিশ।
ধৃতের নাম হান্দ্রু ওঁরাও।মেচি মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শুধু হান্দ্রু ওঁরাও নয় আরও বেশকিছু নেতা যুক্ত রয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।অভিযুক্তকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কারা যুক্ত তার তদন্ত শুরু করবে খড়িবাড়ি থানার পুলিশ।
