রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে, সভাপতি হলেন মনিকা অধিকারি

রাজগঞ্জ, ১৯ আগস্টঃ রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাতছাড়া, দখল নিল বিজেপি। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির মনিকা অধিকারি এবং সহ-সভাপতি হলেন নিতাই মন্ডল।

এদিন পঞ্চায়েত সমিতির মোট ৩৬ জন সদস্যের মধ্যে ২২ জন নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৩ জন তৃণমূলের প্রতীকে জয়ী সদস্য এবং ৯ জন বিজেপির প্রতীকে জয়ী সদস্য ছিলেন। বিজেপির প্রার্থীরাই সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির ৩৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৭টি এবং বিজেপি ৯টি আসনে জয়লাভ করেছিল। তবে পরবর্তীতে রাজনৈতিক সমীকরণ বদলে বুধবার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদ বিজেপির দখলে চলে গেল।
এর আগে সভাপতি ও সহ-সভাপতি পদে যথাক্রমে রূপালী দে সরকার এবং কবিতা ছেত্রী শৈব দায়িত্বে ছিলেন। পরবর্তীতে প্রায় এক মাস ধরে সভাপতি পদটি কার্যত শূন্য ছিল। বুধবার রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে ঘিরে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ফুলের মালা পরিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes