শিলিগুড়ি,১৯ আগস্টঃ রেলের জমি থেকে উচ্ছেদকে কেন্দ্র করে নাগরিক অধিকারের দাবিতে উত্তরকন্যা অভিযান করলো ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। জীবন-জীবিকা, বাসস্থান এবং শিশুদের অধিকার রক্ষার দাবিতে এদিন রাস্তায় নামেন সংগঠনের সদস্যরা।
বুধবার সকালে আন্দোলনকারীরা প্রথমে এনজেপির এডিআরএম অফিসে জড়ো হন এবং সেখানে একটি স্মারকলিপি জমা দেন। এরপর নিউ জলপাইগুড়ি থানায় গিয়েও স্মারকলিপি প্রদান করা হয়। সেখান থেকে মিছিল উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয়।
মিছিলটি তিনবাত্তি মোড়ে পৌঁছালে বিপুল পুলিশ বাহিনী তা আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হয়। পরে ছয় সদস্যের প্রতিনিধি দলকে উত্তরকন্যায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রতিনিধিরা সেখানে গিয়ে রাজ্য প্রশাসনের কাছে স্মারকলিপি তুলে দেন।
আন্দোলনকারীদের দাবি, বহু বছর ধরে বসবাসরত পরিবারগুলিকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। তাদের অভিযোগ, রেলের হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে বহু পরিবার জীবিকা ও বাসস্থানের অনিশ্চয়তায় পড়েছে। তাই দ্রুত বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
