মদ্যপ অবস্থায় স্কুল ভ্যান চালানোর অভিযোগে গ্রেফতার চালক

শিলিগুড়ি, ৪ আগস্ট: মদ্যপ অবস্থায় স্কুল ভ্যান চালানোর অভিযোগে এক চালককে আটক করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নৌকাঘাট এলাকায়।
জানা গিয়েছে, স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই চালক। সেইসময় এলাকাবাসীর সন্দেহ হয় যে চালক মদ্যপ অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা স্কুল ভ্যানটিকে আটক করে এবং খবর দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্কুল ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়। পরে পড়ুয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে তাদের বাড়ি পৌঁছে দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক চালকের নাম স্বপন দে (৫৬)। ডিএস কলোনি এলাকার বাসিন্দা।

এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ওই গাড়িটি স্কুলের নিজস্ব নয়। স্কুলের পক্ষ থেকে শুধু অনুমতি দেওয়া হয়েছিল এবং শর্ত ছিল ট্রাফিক নিয়ম মেনে পড়ুয়াদের আনা-নেওয়া করা হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা দেখা হবে এবং অভিযুক্ত চালককে আর গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

অভিযুক্ত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes