মান সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী, উদ্বেগে পরিবার

শিলিগুড়ি, ২৮ আগস্টঃ মান সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী সমর মণ্ডলকে ঘিরে উদ্বেগে তার পরিবার। শুক্রবার শিলিগুড়ির শান্তিনগরে সমর মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

মন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী ও বাবা। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর মণ্ডল শেষবার কখন তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত তথ্য নেন পর্যটনমন্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, হড়পা বানের ঘটনার দিন সকালে তিব্বত-নেপাল সীমান্তের ইমিগ্রেশন সেন্টারে ছিলেন সমর মণ্ডল। সেখান থেকেই শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তার।

এরপর থেকেই তার সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়েছে পরিবারের মধ্যে। এদিন পরিবারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি নিখোঁজ ব্যবসায়ীর বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন শঙ্কর ঘোষ।

তিনি জানান, এখনও পর্যন্ত সমর মণ্ডলের কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতির উপর প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে এবং তার সন্ধানে প্রয়োজনীয় যোগাযোগ ও তৎপরতা চালানো হচ্ছে। সমর মণ্ডল সম্পর্কে কোনও নতুন তথ্য বা খবর পাওয়া মাত্রই তা তার পরিবারের সদস্যদের জানানো হবে বলেও আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes