শিলিগুড়ি, ২৮ আগস্টঃ নিজের দুই বছরের সন্তানের অধিকার ও ন্যায়বিচারের দাবীতে আইনের দ্বারস্থ হল এক যুবতী।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শুভম গুপ্তাকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।
যুবতীর অভিযোগ, নাবালিকা থাকাকালীন অভিযুক্ত যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে।এরপর গর্ভবতী হতেই অভিযুক্ত দূরত্ব তৈরি করে এবং তাকে বিয়ে করতে অস্বীকার করে।
২০২৪ সালের জানুয়ারি মাসে সন্তানের জন্ম দেয় যুবতী। শিশুটিকে তার বাবার নাম দেওয়ার দাবি করা সত্ত্বেও, অভিযুক্ত তা গ্রহণ করতে অস্বীকার করে। অভিযোগ, অভিযুক্ত পরে যুবতীকে তার শিশু সহ দিল্লিতে পাঠিয়ে দেয়।দুই বছর পর গত ১৫ আগস্ট সন্তানকে নিয়ে শিলিগুড়িতে ফিরে আসে যুবতী।ফের যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করে যুবতী।
সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শিশু এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হবে। এদিকে মা ও শিশুকে সুরক্ষার স্বার্থে একটি এনজিওতে পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
