৭৫ বর্ষ পূর্তিতে শিলিগুড়ির শক্তিগড় সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির থিম ‘উত্তরেশ্বর’

শিলিগুড়ি, ২৮ আগস্টঃ বাঙালির প্রানের উৎসবের আর কিছুদিনের অপেক্ষা। শিলিগুড়িতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন পুজো কমিটি।এবারের দুর্গাপুজোয় বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছে শক্তিগড় সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি।৭৫তম বর্ষে এবার তাদের থিম ‘উত্তরেশ্বর’।
খুঁটি পুজোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে পুজো মণ্ডপ নির্মাণের কাজ।শুক্রবার সাংবাদিক বৈঠক করে এবারের পুজোর বিশেষ আকর্ষণ ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

পুজো কমিটির সদস্যরা জানান, এবারের মন্ডপে দর্শনার্থীদের জন্য থাকছে রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্যের অন্যতম নিদর্শন হাওয়া মহলের আদলে বিশেষ পরিবেশনা। মণ্ডপের নির্মাণশৈলীতে রাজস্থানের স্থাপত্য ও সংস্কৃতির ছোঁয়া তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। শিল্পী রয়েছে শিলিগুড়ির বাপন ঘোষ।দর্শনার্থীরা শিলিগুড়িতেই রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্যের এক ঝলক উপভোগ করার সুযোগ পাবেন।

তবে শুধু মন্ডপ নয়, এবারের পুজোর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে লেজার শো। পুজো কমিটির দাবি, উত্তরবঙ্গে প্রথমবারের মতো পুজো মণ্ডপের বাইরে লেজার শোয়ের বিশেষ আয়োজন করা হচ্ছে। এই লেজার শোয়ের জন্য বিশেষ প্রযুক্তি ও সরঞ্জাম আসবে মুম্বই থেকে।

পুজো কমিটির সম্পাদক রথীন দে জানান, মণ্ডপের বাইরে প্রায় পাঁচ মিনিটের একটি বিশেষ লেজার শো প্রদর্শিত হবে। ৭৫তম বর্ষ হওয়ায় এবারের পুজোকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে কমিটির সদস্যদের মধ্যে। এবারের অভিনব মণ্ডপসজ্জা এবং উত্তরবঙ্গে প্রথম লেজার শো দেখতে শিলিগুড়ি ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করবেন বলে আশা রয়েছে উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes