শিলিগুড়ি, ২৮ আগস্টঃ চুরির ঘটনার কিনারা করলো ভক্তিনগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে চোরাই সামগ্রী।ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ আরও একজন।
জানা গিয়েছে, ভক্তিনগর থানা এলাকার ভূপেন্দ্র নগরের ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুলেশ্বর যাদবের বাড়িতে চুরির ঘটনা ঘটে।আলমারি থেকে একজোড়া সোনার কানের দুল এবং রুপোর গয়না খোয়া যায়।ঘটনার পর ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
চুরির ঘটনায় ব্যবহৃত বাইকের সূত্র ধরে গতকাল রাতে হায়দারপাড়া এলাকা থেকে নবনীত কুমার গুপ্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।জিজ্ঞাসাবাদে নবনীত চুরির ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায় চুরি করা কিছু জিনিস তন্ময় পালের কাছে বিক্রি করেছিল। এরপর পুলিশ শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তন্ময় পালকে গ্রেফতার করে।
তার বয়ানের ভিত্তিতে পুলিশ চুরি হওয়া রুপোর গয়না উদ্ধার করে। শুক্রবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।চুরি যাওয়া বাকি জিনিসপত্র উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
