খড়িবাড়ি, ২৮ আগস্টঃ সীমান্তে মানব পাচার রুখলো এসএসবি ও শক্তিবাহিনী।খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে সীমান্ত পারাপারের আগে গ্রেফতার ২ পাচারকারী।
জানা গিয়েছে, পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে মানব পাচার করার ছক রয়েছে, এই তথ্য ছিল এসএসবির কাছে। ৬ মহিলাকে নিয়ে ২জন পুরুষ সীমান্ত পারাপার করতে গেলে নথি খতিয়ে দেখে সন্দেহ হয় সীমান্তে টহলরত এসএসবি’র জওয়ানদের।
এরপর মহিলাদের জিজ্ঞাসাবাদ করতেই একাধিক অসঙ্গতি ধরা পড়ে।ঘটনায় আটক করা হয় ২ অভিযুক্তকে। এসএসবি সূত্রে খবর, ৪ নাবালিকা সহ ২ মহিলাকে ত্রিপুরা থেকে নেপালে কাজের প্রলোভনের ফাঁদে ফেলে পাচারের ছক ছিল অভিযুক্তদের। শক্তিবাহিনীর অভিযোগের ভিত্তিতে এসএসবি দুজনকে আটক করে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়।
মানব পাচারের অভিযোগে অভিযুক্ত ২জনকে গ্ৰেফতার করে পুলিশ।ধৃতদের নাম নির্মল দেববর্মা ও চিন্ময় বসাক।নির্মল ত্রিপুরার ও চিন্ময় জলপাইগুড়ির বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।
