ডাবগ্রাম-২ নম্বর অঞ্চলে নিকাশি নালার সমস্যা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

শিলিগুড়ি ,১১ জুলাইঃ ডাবগ্রাম-২ নম্বর অঞ্চলের তেলীপাড়া এলাকায় নিকাশি নালার সমস্যায় চরম ভোগান্তিতে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামান্য বৃষ্টি হলেই নিকাশি নালা উপচে নোংরা জল ও আবর্জনা একাধিক বাড়িতে ঢুকে পড়ছে।বিশেষ করে একটি বাড়ির অবস্থা সবচেয়ে শোচনীয়—সেখানে একবার জল ঢুকলে বেরোনোর কোনো পথ থাকে না। ফলে বাড়ির বাসিন্দাদের সেই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে বাধ্য হতে হয়। বর্ষা শেষ হলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয় না।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে বাড়ির ছোট ছোট শিশুরা। নোংরা জলের মধ্যে চলাচল করতে গিয়ে পরিবারের বহু সদস্য ডায়রিয়া, ত্বকের সংক্রমণ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি মশার উপদ্রবও বেড়ে গিয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি একাধিকবার পঞ্চায়েত ও প্রধানকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।নরেশ মোড় সংলগ্ন এলাকা থেকে নালায় বিপুল পরিমাণ থার্মোকল ও অন্যান্য আবর্জনা ফেলা হয়, যার ফলে নালা ভরাট হয়ে গিয়ে জল নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে পড়েছে।

এই বিষয়ে প্রধান জানান, সমস্যা খতিয়ে দেখা হয়েছে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই ডাবগ্রাম-২ অঞ্চলের সমস্ত আবর্জনা নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে ফেলার ব্যবস্থা করা হবে।ইতিমধ্যেই এই বিষয়ে বিধায়কের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes