শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়ির বর্ধমান রোডের বহু প্রতীক্ষিত উড়ালপুল এবার নতুন রঙে সেজে উঠছে। আগে যেখানে উড়ালপুলটি নীল-সাদা রঙে রাঙানো হয়েছিল, এবার সেখানে গেরুয়া রঙ করা শুরু হয়েছে। ইতিমধ্যেই উড়ালপুলের বাইরের অংশে গেরুয়া রঙের প্রলেপ দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি উড়ালপুলের ভিতরের অংশে কালো ও সাদা রঙ করা হচ্ছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই উড়ালপুলের রঙ পরিবর্তন নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল শহর জুড়ে।
কিছুদিন আগেই উড়ালপুলের আগের নীল-সাদা রঙ মুছে পুরো অংশে সাদা রঙ করা হয়। এরপর সেই সাদা রঙের উপরেই নতুন করে গেরুয়া রঙ করা শুরু হয়েছে। সূত্রের খবর, এই রঙ পরিবর্তনের বিষয়টি নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই উড়ালপুল চালু হলে বর্ধমান রোড এলাকায় যানজট অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চলার পর এখন শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রঙের কাজ সম্পূর্ণ হবে। এরপর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে এই নতুন উড়ালপুল।
