নিকাশি-রাস্তা নেই, পরিকাঠামোর অভাবে ধুঁকছে রাজগঞ্জ ব্লকের ফালাকাটা বালিকা বিদ্যালয়

রাজগঞ্জ, ৩ আগস্টঃ রাস্তা নেই, নিকাশি নেই- পরিকাঠামোর অভাবে ধুঁকছে রাজগঞ্জ ব্লকের ফালাকাটা বালিকা বিদ্যালয়। আমবাড়ি ফালাকাটা এলাকার দীর্ঘদিনের দাবি ছিল, এলাকায় একটি পৃথক বালিকা বিদ্যালয় তৈরি করা হোক। অবশেষে কয়েক বছর আগে সেই দাবী পূরণ হয়। দীর্ঘদিন আমবাড়ি ফালাকাটা চিন্তা মোহন উচ্চ বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়ের পঠন-পাঠন চলার পর প্রায় দু’বছর আগে তৈরি হয় বিদ্যালয়ের নিজস্ব নতুন ভবন। নতুন ভবনে পঠন-পাঠন শুরু হলেও পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের। বর্ষা শুরু হতেই স্কুলে যাতায়াতের সমস্যা শুরু হয়। বিদ্যালয়ে যাওয়ার নির্দিষ্ট রাস্তা না থাকায় ঘুরপথে স্কুলে পৌঁছতে হচ্ছে ছাত্রীদের। সেই পথেও রয়েছে হাঁটুসমান জল। পরিস্থিতি সামাল দিতে স্কুলের শিক্ষিকারা নিজেদের উদ্যোগে মাঠের উপর পাথর ও বালি ফেলে কোনওরকমে চলাচলের রাস্তা তৈরি করেছেন। কিন্তু তাতেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি রয়েছে ঘন ঝোপ-জঙ্গল। স্কুল চলাকালীন মাঝেমধ্যেই সাপ ঢুকে পড়ছে বলে অভিযোগ। ফলে ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। অন্যদিকে বিদ্যালয়ের চারপাশে কোনও সীমানা প্রাচীর না থাকায় স্কুলের বিভিন্ন সামগ্রীও চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ছাত্রীদের অভিযোগ, স্কুলের সবচেয়ে জরুরি একটি ভালো রাস্তা। রাস্তা না থাকায় প্রতিদিন স্কুলে আসতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়। বিদ্যালয়ের শিক্ষিকা প্রীতি সাহা জানান, স্কুলের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। স্কুলে আসার কোনও উপযুক্ত রাস্তা নেই। যে রাস্তা রয়েছে, বর্ষাকালে সেখানে হাঁটুসমান জল জমে যায়। নিত্যদিন সাপ স্কুলে ঢুকে পড়ছে। দ্রুত ঝোপ-জঙ্গল পরিষ্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার বলে জানান তিনি। এলাকার সমাজসেবী বীরেন সরকার বলেন, কোনওরকম পরিকাঠামো ছাড়াই স্কুলের ভবন তৈরি করা হয়েছে। স্কুলে যাওয়ার রাস্তা তৈরি হয়নি। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে গোটা এলাকা পুকুরের চেহারা নিয়েছে। ফলে ছাত্রীদের প্রতিদিন চরম সমস্যার মধ্যে স্কুলে প্রবেশ করতে হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes