আমবাড়ির ঐতিহ্যবাহী ‘রাজা ফালাকাটা’ পুজোর আয়োজন, উপচে পড়লো ভিড়

রাজগঞ্জ, ২৭ জুনঃ আমন ধান রোপণের আগে চিরাচরিত রীতি মেনে আমবাড়ির ঐতিহ্যবাহী ‘রাজা ফালাকাটা’ পুজো অনুষ্ঠিত হল।উপচে পড়লো ভক্তদের ভিড়।


আমন ধান চাষের মরশুম শুরু হতেই রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন চটকিয়াভিটা এলাকায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রাজা ফালাকাটা পুজো। এলাকার মানুষের বিশ্বাস, এই পুজো সম্পন্ন করার পরই আমন ধান রোপণের কাজ শুরু করা শুভ। সেই প্রথা মেনেই প্রতি বছর আষাঢ় মাসে এই পুজোর আয়োজন করা হয়।শনিবার নিয়ম-নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হওয়া এই পুজোয় রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে তিনটি বিগ্রহ তৈরি করে পূজার্চনা করেন এলাকার মানুষ। এই পুজোকে ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।


পুজো কমিটির সদস্য মনোরঞ্জন রায় জানান, পূর্বপুরুষদের মুখে শোনা ইতিহাস অনুযায়ী প্রায় দুই শতাধিক বছর আগে এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা ছিল। সেই সময় বাঘ-সহ বিভিন্ন হিংস্র জন্তুর উপদ্রব ছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বর্তমানে যেখানে রাজা ফালাকাটার পুজো হয়, সেই স্থানেই একসময় দেবী চৌধুরানী পুজো করতেন।মন্দিরে রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে তিনটি বিগ্রহ ছাড়াও বহু দেবদেবীর মূর্তি রয়েছে। রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে এসে পুজো দেন এবং মানত করেন।


স্থানীয়দের দাবি, মানত পূর্ণ হলে পরের বছর পুজোর সময় ভক্তরা দেবতার উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী উৎসর্গ করেন। দীর্ঘদিন ধরে এই প্রথা এখানকার একটি বিশেষ রীতিতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes