ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র

রাজগঞ্জ, ৪ আগস্ট: রাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র। এই প্রথম জলপাইগুড়ি জেলার কোনও গ্রামীণ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু হচ্ছে। এতদিন ডেঙ্গু পরীক্ষা করাতে রোগীদের জলপাইগুড়ি জেলা হাসপাতাল বা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যেতে হতো। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছে। এই সপ্তাহের মধ্যে চালু হবে ডেঙ্গু পরীক্ষা। এদিকে, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই উপসর্গ বেশি দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় জানান, উপসর্গ নিয়ে কেউ স্বাস্থ্যকেন্দ্রে এলে প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।বাড়ির আশপাশে অপ্রয়োজনীয় কোনও পাত্র বা জায়গায় যাতে জল জমে না থাকে, সেদিকে পরিবারের সদস্যদের বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি তিনি জানান,খুব শীঘ্রই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র। ইতিমধ্যেই প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম হাসপাতালে এসে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes