রাজগঞ্জ, ১৩ জুনঃ রাজগঞ্জে একযোগে দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক উপপ্রধানের ইস্তফা। সোমবার সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায়, উপপ্রধান ইসরাইল হক এবং মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে এসে নিজেদের ইস্তফাপত্র জমা দেন।
তিনজনই ইস্তফার কারণ হিসেবে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তাদের বক্তব্য, মানুষের জন্য কাজ করার এবং পরিষেবা দেওয়ার ইচ্ছা থাকলেও ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তারা দায়িত্ব পালন করতে পারছেন না। সেই কারণেই তারা পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সুখানী গ্রাম পঞ্চায়েতের মোট ২১টি আসনের মধ্যে ১৮টি তৃণমূল কংগ্রেস এবং ৩টি বিজেপি আসন দখল করে।
অন্যদিকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মোট ১৯টি আসনের মধ্যে ১২টি তৃণমূল কংগ্রেস, ৬টি বিজেপি এবং ১টি সিপিএমের দখলে রয়েছে।তিন জনপ্রতিনিধির একযোগে ইস্তফার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
