রাজগঞ্জ, ১৩ আগস্টঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে সাহুডাঙ্গি হাট পি কে রায় হাইস্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। জাতীয় পতাকার মর্যাদা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই পদযাত্রায় অংশ নেয় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা।
এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে পড়ুয়ারা পদযাত্রায় অংশ নেয়। এক পড়ুয়াকে ভারতমাতার সাজেও দেখা যায়। জাতীয় পতাকা হাতে পড়ুয়াদের এই বর্ণাঢ্য পদযাত্রা সাহুডাঙ্গি বাজার, আশ্রমপাড়া ও নাওয়াপাড়া-সহ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে স্কুলের পক্ষ থেকে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তিরঙ্গা যাত্রায় এলাকার মানুষকেও অংশগ্রহণের জন্য আগে থেকেই প্রচার করা হয়েছিল।
তিনি আরও বলেন, বহু বিপ্লবীর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে সঙ্গে নিয়ে দেশাত্মবোধের চেতনায় স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। আজকের তিরঙ্গা যাত্রা সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
