শিলিগুড়ি, ২৭ জুনঃ শিলিগুড়ির সেবক রোডে একটি মলে অবৈধ নির্মাণ পরিদর্শনে গিয়ে বড়সড় অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম। শনিবার পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এদিন অভিযানে দেখা যায় মলের করিডোর দখল করে বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মলের একাধিক রেস্তোরাঁ ও বারে গুরুতর অনিয়ম ধরা পড়ে। বেশকিছু প্রতিষ্ঠান বৈধ ফায়ার লাইসেন্স দেখাতে পারেনি, আবার অনেক ক্ষেত্রেই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে।
অভিযোগ,একটি বারে অবৈধভাবে বিয়ার প্রস্তুত করার কারবার চলছিল।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। যদিও তাদের দাবী, আবগারি দপ্তরের অনুমতি রয়েছে।পাশাপাশি একটি রেস্তোরাঁর মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া পায়।
এই সমস্ত অনিয়মের প্রেক্ষিতে পুরনিগম অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেয়। পাশাপাশি একাধিক দোকান ও প্রতিষ্ঠানকে নোটিশ জারি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যাদের বৈধ নথি রয়েছে তাদের পুরনিগমে পেশ করতে বলা হয়েছে।
