শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

শিলিগুড়ি, ২ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমে উত্তরবঙ্গের বিভিন্ন পুরনিগমের কমিশনার ও প্রশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে নগরোন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পুরমন্ত্রী জানান, কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিককে হিল সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নতুন বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে এবং জলের ভেন্ডিং মেশিন বসানো হবে। তিনি আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে, যাতে ক্রেতারা স্বল্পমূল্যে পরিবেশবান্ধব ব্যাগ কিনতে পারেন। দার্জিলিংয়ের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে। তাঁর দাবি, ২০২৭ সালের জুন মাসের মধ্যে রাজ্যের কোথাও পানীয় জলের সমস্যা থাকবে না। পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপেরও ঘোষণা করেন তিনি। রাস্তায় আবর্জনা ফেললে কিংবা রাস্তার উপর বালি, পাথরসহ নির্মাণসামগ্রী ফেলে রাখলে জরিমানা করা হবে। পুলিশের মাধ্যমে এই জরিমানা কার্যকর করার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও রাজ্যজুড়ে একটি নিয়ন্ত্রিত ও আধুনিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান পুরমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes