শিলিগুড়িতে ব্যতিক্রমী উদ্যোগে পালিত হল ফ্রেন্ডশিপ ডে, সম্মান জানানো হল ট্রাফিক পুলিশকর্মীদের

শিলিগুড়ি,২ আগস্টঃ ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করলো শিলিগুড়ির বয়েজ হাইস্কুলের ১৯৯৫ সালের প্রাক্তন পড়ুয়ারা। এদিন মহাত্মাগান্ধী মোড়ে ট্রাফিক পুলিশ কর্মীদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান তারা।

এদিন ট্রাফিক পুলিশদের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে এবং কেক কেটে উদযাপন করা হয় দিনটি।পাশাপাশি বর্ষাকাল ও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতাও তুলে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি হন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ট্রাফিক পুলিশরা প্রতিদিনই রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এমন উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক পুলিশ কর্মীরা শহরের শৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes