শিলিগুড়ি, ১৮ মেঃ দেড় কেজি ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশনস গ্রুপ এবং ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।
জানা গিয়েছে, রবিবার রাতে পিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকায় যৌথভাবে অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। আটক করা হয় মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন দুজনকে।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেড় কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।এরপরই গ্রেফতার করা হয় তাদের। ধৃতরা হল মালদার বাসিন্দা মিনাজুর রহমান এবং নকশালবাড়ির বাসিন্দা এমডি সাগির।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিনাজুর রহমান মালদা থেকে নকশালবাড়িতে ব্রাউন সুগার নিয়ে আসে। সেখান থেকে তার সঙ্গী এমডি সাগিরকে নিয়ে বাইকে করে ব্রাউন সুগার পাচার করতে পিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকায় পৌছায়।গ্রাহকের জন্য অপেক্ষা করার সময় অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
