শিলিগুড়ি, ২০ আগস্টঃ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
জানা গিয়েছে, তিন দফায় বিভিন্ন সরকারি আধিকারিক, হোটেল ব্যবসায়ী ও ফায়ার সেফটি সংক্রান্ত প্রতিনিধিদের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের আধিকারিক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
বৈঠকে পুর পরিষেবা, হোটেলের অগ্নি-নিরাপত্তা, স্কুলপড়ুয়াদের বাইক-স্কুটি ব্যবহার এবং শহরের ট্রাফিক ব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিনের প্রথম বৈঠক হয় শিলিগুড়ি পুরনিগমের কমিশনার ও আধিকারিকদের সঙ্গে।পুরনিগম সংক্রান্ত একাধিক বিষয় বৈঠকে উঠে আসে। বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসে।বর্তমানে পুরনিগমের ওয়ার্ডগুলিতে নির্বাচিত কাউন্সিলর না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে।ওয়ার্ডভিত্তিক মানুষের সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায়, সে বিষয়ে পুরনিগমের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মন্ত্রী।সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য ইতিমধ্যেই একটি বিশেষ হোয়াটস অ্যাপ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এরপর হোটেল ব্যবসায়ী সংগঠন ও ফায়ার সেফটি সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে কোথায় কি ধরনের ফায়ার সেফটি ব্যবস্থা রয়েছে এবং কোনও ঘাটতি রয়েছে কি না, সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সরকার এবং হোটেল ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে হোটেলের কর্মীদের জন্য বিশেষ ফায়ার সেফটি প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়।
তৃতীয় দফায় শহরের বিভিন্ন স্কুলের আধিকারিক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন পর্যটন মন্ত্রী। সেখানে মূলত ১৮ বছরের নিচে পড়ুয়াদের বাইক ও স্কুটি নিয়ে স্কুলে যাতায়াতের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। স্কুলে ১৮ বছরের নীচে পড়ুয়া বাইক বা স্কুটি নিয়ে এলে স্কুল কর্তৃপক্ষকেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এদিনের বৈঠকে শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থা এবং শহরের বেহাল পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দ্রুত সমস্যাগুলির সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
