শিলিগুড়িতে মহিলাদের অভিযোগে তৎপর প্রশাসন, বেআইনি পার্কিং ও অসামাজিক কার্যকলাপ রুখতে নির্দেশ দিলেন মন্ত্রী

শিলিগুড়ি, ১ আগস্টঃ শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের কর্মসূচিতে যোগ দিতে এসে স্থানীয় মহিলাদের একাধিক সমস্যার কথা শুনলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিএসএনএল অফিসের কোয়ার্টারের গলিতে বসবাসকারী মহিলারা অভিযোগ করেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে এলাকায় মদের আড্ডা বসে। পাশাপাশি বহু গাড়ি বেআইনিভাবে পার্কিং করে।এরফলে বাসিন্দাদের যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হতে হয়।
ড্রেনের ধারে প্রকাশ্যে মূত্রত্যাগ করার মতো অস্বাস্থ্যকর ও অসামাজিক কাজও নিয়মিত ঘটে।এরফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি মহিলা ও শিশুদের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রাও বিঘ্নিত হচ্ছে।

এদিন বাসিন্দাদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনার পর শিলিগুড়ি থানার পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মন্ত্রী।নির্দেশের পরই পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।বেআইনিভাবে গাড়ি পার্কিং করা চালকদের সতর্ক করা হয়।এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে নজরদারি বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ছিলেন তারা। এদিন অভিযোগের ভিত্তিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপে আশাবাদী তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes