শিলিগুড়ির শ্রমিক ভবনে বৈঠক করলেন মন্ত্রী অর্জুন সিং, করলেন একগুচ্ছ ঘোষণা

শিলিগুড়ি, ৪ আগস্টঃ উত্তরবঙ্গের চা-শিল্পের আধুনিকীকরণ, বন্ধ ও রুগ্ন চা বাগান পুনরুজ্জীবিত করা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং পরিবহণ দপ্তরে স্বচ্ছতা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ ঘোষণা করলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এদিন শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অর্জুন সিং।পরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে শ্রম ও পরিবহণ—দুই দপ্তরের আধিকারিকদের সঙ্গে পৃথক পর্যালোচনা বৈঠকও করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি, পিএফ ও গ্র্যাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলেন।তিনি জানান, শ্রমিকদের প্রাপ্য অর্থ আটকে রাখা বা আত্মসাৎ করার ঘটনায় সরকার কোনোভাবেই আপস করবে না।বর্তমানে পাহাড় ও ডুয়ার্স মিলিয়ে প্রায় ৩৪টি বন্ধ ও রুগ্ন চা বাগান দ্রুত চালু করার লক্ষ্যে সরকার উদ্যোগী হয়েছে বলে জানান তিনি।মংপুর সিংকোনা ও হর্টিকালচার উদ্যান পরিদর্শনের অভিজ্ঞতাও তুলে ধরেন অর্জুন সিং। রাজ্যের প্রতিটি জেলায় বাণিজ্যিক যানবাহনের জন্য আধুনিক ফিটনেস সেন্টার গড়ে তোলার উদ্যোগের কথাও ঘোষণা করেন মন্ত্রী। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে তিনি বলেন, ‘পিঙ্ক কার্ড’ চালু করা হবে, যাতে প্রকৃত উপভোক্তারাই সুবিধা পান। স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, রাজ্যের ১৩টি ইএসআই হাসপাতালকে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে আধুনিকীকরণ করা হবে। উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি ধাপে ধাপে মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এছাড়াও তোলাবাজি নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দেন মন্ত্রী।কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দল থেকে অবিলম্বে বহিষ্কারের কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes