শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শিলিগুড়ি, ২২ জুলাইঃ শিলিগুড়ির আশ্রমপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু। মৃতের নাম সানি ঘোষ।পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন যুবক।

জানা গিয়েছে, সানি ঘোষ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে স্কুটিতে করে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন।সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ফিরছিলেন।আশ্রমপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।ধাক্কা এতটাই তীব্র ছিল যে স্কুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সানি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরই স্থানীয়রা যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সানির দাম্পত্য জীবনে বেশকিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। তার স্ত্রী বিবাহবিচ্ছেদ চাইছিলেন। তা সত্ত্বেও, সানি সম্পর্কটি বাঁচানোর চেষ্টা করছিলেন এবং এই উদ্দেশ্যে সকালে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes