দুধিয়া, ১৯ জুনঃ প্রবল বৃষ্টির জেরে দুধিয়ায় বালাসন নদীর উপর নির্মিত অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সাংসদ জানান, টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় জল জমে থাকারও খবর পাওয়া গিয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন।
রাজু বিস্তা জানান, দুধিয়ায় যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে নতুন করে একটি অস্থায়ী সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে। বিষয়টি তিনি রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন বলেও জানান। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।
