উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
অভিনব উপায়ে প্রতারণা! কাগজের টাকার বান্ডিল ধরিয়ে সোনা-রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
ফুলবাড়ি, ১ মেঃ ফুলবাড়িতে অভিনব উপায়ে প্রতারণা।কাগজের টাকার বান্ডিল ধরিয়ে সোনা-রুপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর প্রতারণার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির ব্যাটেলিয়ান মোড় এলাকায়।
জানা গিয়েছে, পারুল বিশ্বাস নামে প্রায় ৬০ বছর বয়সী এক মহিলা বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন। ব্যাটেলিয়ান মোড় এলাকায় পৌঁছতেই দুই অজ্ঞাত পরিচয় যুবক তার সঙ্গে কথা বলতে শুরু করে। কথার ফাঁদে ফেলে তারা মহিলাকে জানায়, তাদের কাছে কয়েক লক্ষ টাকার একটি বান্ডিল রয়েছে, এরপর তারা একটি কাপড়ে মোড়া বান্ডিল পারুল দেবীর হাতে তুলে দেয়।
প্রতারকদের কথায় বিশ্বাস করে পারুল বিশ্বাস নিজের কাছে থাকা সোনা ও রুপোর অলংকারের পাশাপাশি নগদ টাকাও তাদের হাতে তুলে দেন।কিন্তু কিছুক্ষণ পর যুবকরা সেখান থেকে চলে যেতেই সন্দেহ হয় তার। বান্ডিল খুলে দেখেন, ভেতরে টাকার বদলে শুধুই কাগজ গুঁজে রাখা হয়েছে। মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
