রাজগঞ্জ, ২২ জুলাইঃ দীর্ঘ প্রায় চার বছর পর রাজগঞ্জে ফের শুরু হল কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM G-এর কাজ। বুধবার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন চটকিয়াভিটা এলাকায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়।
ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে প্রকল্পের উদ্বোধন করেন রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস। উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মণ্ডল, সোমনাথ সরেন, অজয় অধিকারী-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
এদিন তপন রায়ের দোকান থেকে পবিদুল হকের বাড়ি পর্যন্ত একটি কমিউনিটি স্টর্ম ওয়াটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৩৪ টাকা।
উল্লেখ্য, এই প্রকল্পটি আগে ১০০ দিনের কাজ নামে পরিচিত ছিল। সম্প্রতি এর নাম পরিবর্তন করে VB-G RAM G রাখা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর ১২৫ দিনের কর্মসংস্থান দ্রুত চালু করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দীর্ঘদিন পর কর্মসংস্থানের সুযোগ ফিরে আসায় খুশি এলাকার মানুষেরা।
