গভীর রাতে বালি পাচারের অভিযোগ, খড়িবাড়ি বাজারে লরি আটক করলো স্থানীয় বিজেপি কর্মীরা

খড়িবাড়ি, ২৯ জুলাই: গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী নদীঘাট থেকে বন্ধ রয়েছে বালি তোলার কাজ।বালি বন্ধের পরেও খড়িবাড়ি বাজারের ওপর দিয়ে অবৈধভাবে লরিতে বালি পাচার করার অভিযোগ তুলে গভীর রাতে খড়িবাড়ি বাজারে অবৈধ একটি লরি আটক করল স্থানীয় বিজেপি কর্মীরা।
জানা গিয়েছে, নদীঘাট বন্ধের পরেও কিভাবে বালি উত্তোলন হচ্ছে সন্দেহ হওয়ায় বিজেপি কর্মীরা লরি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। চালকের দেওয়া তথ্যে ও লরির নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। এরপর খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে লরির চালক সহ মোট ৪জনকে আটক করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা সুব্বা সহ অন্যান্য আধিকারিকেরা। তারা লরির নথিপত্র খতিয়ে দেখে গরমিলের তথ্য পেয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আগামীদিনে লাগাতার অভিযান করার কথা জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফাঁসিদেওয়া বিধানসভার বিধায়ক দুর্গা মুর্মু সহ একাধিক বিজেপি নেতৃত্ব। বিধায়ক পুরো বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে খড়িবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা সুব্বার সঙ্গে জরুরি বৈঠক করেন।

অবৈধ কারবারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিধায়ক জানান, সরকারি নির্দেশ এবং গ্রিন ট্রাইব্যুনালের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে যে নদীঘাট বন্ধ থাকবে। কিন্তু তা সত্ত্বেও খড়িবাড়ি ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় যেভাবে অবৈধ বালি পাচার এবং ডাম্পিং চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যে কোনো ধরনের বেআইনি কাজ চলতে দেওয়া হবে না বলে সাফ জানান বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes