ফুলবাড়ি, ১৫ জুনঃ গ্যাসের সংকটের মধ্যে সিলিন্ডার চুরি।এক মহিলার খাবারের দোকানে চোরের হানা।দোকান থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট দিয়েছে চোর।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাইপাস টোলগেট সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে একটি ছোট খাবারের দোকান চালিয়ে কোনোরকমে সংসার চালান কৃষ্ণা কর্মকার। অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন দোকানে চা, রুটি ও তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।
কৃষ্ণা কর্মকার জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। রবিবার দোকান বন্ধ থাকায় সোমবার সকালে দোকানে এসে দেখেন তালা ভাঙা। অভিযোগ, দোকান থেকে দুটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শুধু সিলিন্ডারই নয়, দোকানের ফ্রিজে রাখা তার প্রয়োজনীয় ওষুধ ইনসুলিন ও দোকানের অন্যান্য সামগ্রীও উধাও।
ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মহিলা। তিনি আরও বলেন, এই দোকানটাই আমার সংসার চালানোর একমাত্র ভরসা। অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে ব্যবসা করি। এখন সিলিন্ডারই নেই, দোকান চালাবো কীভাবে? জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষ্ণা কর্মকার।
এদিকে একই রাতে ফুলবাড়ির বাদলাগছ এলাকায় রাহুল আমিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি মোটরবাইক চুরি হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
