শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম বিশ্বজিৎ সেন। সাউথ শান্তিনগর দুর্গামন্দিরের বাসিন্দা।
প্রসঙ্গত, গত বুধবার চুরির ঘটনা ঘটে।চুরি যায় একাধিক দামী মোবাইল ফোন।দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক, রাউটার নিয়ে যায় চোরের দল।এছাড়াও নগদ প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা চুরি হয়।ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন দোকানের মালিক।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
শুক্রবার যুবককে গ্রেফতার করে পুলিশ।জেরায় চুরির কথা স্বীকার করে অভিযুক্ত।তবে চুরির সামগ্রী উদ্ধার করা যায়নি।শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
