শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে গৌড়ীয় মঠ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা

শিলিগুড়ি, ২২ জুলাই: শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের হাতিমোড়ে অবস্থিত শ্রী নারায়ণ গোস্বামী গৌড়ীয় মঠকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো।

অভিযোগ, মঠ পরিচালন কমিটির পক্ষ থেকে মঠটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।মন্দিরে প্রতিষ্ঠিত দেবমূর্তির ভিত্তি খুঁড়ে মূর্তিটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ মঠ প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন।স্থানীয়দের দাবী, দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য বহনকারী এই মঠ ও মন্দির কোনোভাবেই এলাকা থেকে সরিয়ে নেওয়া যাবে না। স্থানীয়দের একাংশ আরও অভিযোগ করেন, মঠটি সরিয়ে জমি বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল।

অন্যদিকে মঠ পরিচালন কমিটির সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়মিত পূজা-অর্চনার জন্য উপযুক্ত পুরোহিতের অভাব ছিল।মঠের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তাও পাওয়া যাচ্ছিল না। এই কারণেই মঠটি অন্যত্র স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়েছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ মঠ পরিচালন কমিটি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
পরবর্তীতে মঠ পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়, আপাতত মন্দির বা দেবমূর্তি কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে না। মঠ পরিচালন কমিটির আশ্বাসের পর স্বস্তিতে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes