উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, ব্যক্তিকে পিষে দিল ডাম্পার-গুরুতর আহত আরও ১
ধূপগুড়ি, ১২ মেঃ ধূপগুড়ির হরিমন্দির পাড়া সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।গুরুতর আহত আরও একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি পৃথক দুটি বাইকে করে ধূপগুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন।একটি গাড়ি ওভারটেক করার সময় দুটি বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগে।যার জেরে ছিটকে পড়েন বাইক চালক দুজন। সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার এক ব্যক্তিকে পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।
স্থানীয় বাসিন্দারা জানান, বাইক দুটির মধ্যে একটিতে ছাগল বোঝাই করা ছিল। ঘাতক ডাম্পারটি দ্রুত গতিতে থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এদিকে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
