প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায়

রাজগঞ্জ, ২২ মেঃ প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায়। শুধু প্রধান পদই নয়, তৃণমূলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বলে দাবি তার।


শুক্রবার বিকেলে আচমকাই জলপাইগুড়ি সদর বিডিও অফিসে হাজির হয়ে বিডিও বিপ্লব কুমার বিশ্বাসের কাছে পদত্যাগপত্র জমা দেন পূর্ণিমা রায়। সঙ্গে ছিলেন তার স্বামী অমর রায়।


বিডিও অফিস থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তার স্বামীর দাবি, অপহরণ করে ভয় দেখিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল।


প্রসঙ্গত, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৯ আসনের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বিজেপি পায় ১৫টি আসন, তৃণমূল ১২টি এবং ২টি আসনে জয়ী হন নির্দল প্রার্থী। সেই সময় বিজেপির টিকিটে জয়ী হন পূর্ণিমা রায়।


অভিযোগ ওঠে, পঞ্চায়েত দখলের জন্য তাকে অপহরণ করে তৃণমূলে যোগদান করানো হয়। পরে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে পূর্ণিমা রায়কে প্রধান পদে বসানো হয়।


তবে পূর্ণিমা রায় ফের বিজেপিতে যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হলেও জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এই মুহূর্তে এই ধরনের কাউকে দলে নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *