রাজগঞ্জে দোকানে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

রাজগঞ্জ, ৫ জুলাইঃ দোকানে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালি-গাডরা রাজ্য সড়কের নাকুগছ সংলগ্ন এলাকায়।মৃতের নাম ভবতোষ শর্মা।

ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার ছিল যুবকের। লালাস্কুল এলাকায় একটি সেলুনের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রতিদিনের মতো শনিবার দুপুরে বাড়ি ফেরার পর বিকেল প্রায় পাঁচটা নাগাদ মোটরবাইক নিয়ে ফের দোকানের উদ্দেশ্যে রওনা দেন ভবতোষব।

অভিযোগ, নাকুগছ সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ি তাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন।স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন। পরে তাকে একটি টোটোয় করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্য সড়কের ওই অংশ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বহুবার প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই দ্রুত রাস্তা সম্প্রসারণের দাবি তুলেছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes