সিকিমের নামচির টানেলে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে ২০

সিকিম, ২২ জুলাইঃ সিকিমের নামচিতে টানেলে ভয়াবহ বিস্ফোরণ ও ধসের ঘটনায় অন্তত ২০ জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার টানেলের ভিতরে কাজ চলাকালীন হঠাৎ মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় টানেলের একাংশ ধসে পড়ে এবং বহু শ্রমিক ভিতরে আটকে পড়েন।কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও বহু শ্রমিক টানেলের ভিতরে আটকে রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।এনডিআরএফের একাধিক দল, যার মধ্যে শিলিগুড়ি থেকে যাওয়া একটি বিশেষ দলও রয়েছে, উদ্ধার অভিযানে নেমেছে।টানেলের ভিতরে অন্ধকার, অক্সিজেনের ঘাটতি এবং ধসে পড়া অংশের কারণে উদ্ধারকার্যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী বাহিনীকে। ভারী যন্ত্রপাতির পাশাপাশি বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী বিশাল লামাও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। সিকিম প্রশাসনের তরফে মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গেরও কয়েকজন শ্রমিক রয়েছেন বলে জানা গিয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি জেলার বাসিন্দারাও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes