শিলিগুড়িতে একাধিক নার্সিংহোমে ব্যাপক তল্লাশি অভিযান আয়কর দফতরের, ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি, ২৮ জুলাইঃ শিলিগুড়ি শহরের একাধিক নার্সিংহোমে মঙ্গলবার সকাল থেকে আয়কর দফতরের ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সকাল থেকেই আয়কর দফতরের আধিকারিকদের বিভিন্ন নার্সিংহোমে প্রবেশ করতে দেখা যায়।এই অভিযানের জেরে চিকিৎসা মহল ও শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলিগুড়ির পাকুড়তলা মোড় সংলগ্ন নিউ রামকৃষ্ণ সেবাসদন-এ সকাল থেকেই আয়কর দফতরের একটি বিশেষ দল অভিযান চালাচ্ছে। আধিকারিকরা নার্সিংহোমের আর্থিক নথি, হিসাবপত্র, কর সংক্রান্ত নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। অভিযান চলাকালীন নার্সিংহোমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তবে জরুরি চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। শুধু নিউ রামকৃষ্ণ সেবাসদনই নয়, শিলিগুড়ির আরও কয়েকটি নার্সিংহোমেও একই সময়ে আয়কর বিভাগের তল্লাশি চলছে । যদিও ঠিক কতগুলি প্রতিষ্ঠানে এই অভিযান চলছে, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অভিযানের বিষয়ে আয়কর দফতরের কোনও আধিকারিক মুখ খুলতে চাননি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আর্থিক লেনদেন, আয়কর সংক্রান্ত নথি এবং হিসাবের অসঙ্গতি খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes