তিস্তা ক্যানেল রোডে লরি ও স্কুটির সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

ফুলবাড়ি, ২৮ জুলাইঃ তিস্তা ক্যানেল রোডে লরির ধাক্কায় আহত যুবকের মৃত্যু, শোকের ছায়া ফুলবাড়িতে। মৃতের নাম সৌম্যদীপ মণ্ডল (২৫)। ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা ছিলেন যুবক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপ ছিলেন পরিবারের একমাত্র ছেলে। বাবা কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান। পরিবারের আর্থিক অবস্থা ততটা সচ্ছল না হওয়ায় দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন সৌম্যদীপ। নম্র ও ভদ্র স্বভাবের এই যুবকের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল ফুলবাড়ি বাজারের একটি মোটর পার্টসের দোকানে কাজে গিয়েছিলেন তিনি। দোকানের মালিক তাকে পুটিমারি এলাকার একটি শোরুম থেকে কিছু যন্ত্রাংশ আনতে পাঠান। মালিকের স্কুটি নিয়েই রওনা দেন সৌম্যদীপ। কিন্তু পথে তিস্তা ক্যানেল রোডে পুটিমারি এলাকায় একটি মালবাহী লরির সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
এই ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মৃতের বাবা-মা।আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes