ডাবগ্রামের তেলিপাড়ায় টাওয়ার নির্মাণ ঘিরে উত্তেজনা, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ২২ জুলাইঃ ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকায় একটি মোবাইল টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল।স্থানীয় বাসিন্দাদের অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মানিক পাল তার বাড়ির ছাদে একটি কোম্পানি টাওয়ার নির্মাণ করেন। তবে তিনি কর্মসূত্রে বর্তমানে অসমে থাকেন বলে দাবি স্থানীয়দের। নির্মাণকাজের তদারকি করছিলেন এলাকার বাসিন্দা নব পাল। এর আগেও ওই এলাকায় টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল বলে জানান বাসিন্দারা।

এলাকাবাসীর আশঙ্কা, টাওয়ারটি চালু হলে ছোট শিশু থেকে বয়স্কদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। পাশাপাশি তাদের অভিযোগ, নিয়ম না মেনেই অবৈধভাবে টাওয়ারটি নির্মাণ করা হয়েছে।

বুধবার ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে বাড়ির তালা ভেঙে ছাদে ওঠার চেষ্টা করেন এবং নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে দেখা করতে চান।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সেখানে কর্মরত এক নির্মাণ শ্রমিককেও ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এক নির্মাণকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes