দুধিয়া, ১৯ জুনঃ রাতভর পাহাড়ে অবিরাম বৃষ্টি, এই বৃষ্টির জেরে ফের ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী বালাসন।নদীর ভয়াল রূপে তলিয়ে গেল বালাসন নদীর উপরে থাকা কার্শিয়াং ব্লকের দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু।
অস্থায়ী এই সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়লো শিলিগুড়ি-মিরিক যাতায়াত।শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার ১২ নম্বর রাজ্য সড়কে গুরুত্বপূর্ণ এই সেতুই একমাত্র ভরসা ছিল পাহাড়বাসীর।গতকাল রাতভর বৃষ্টির জেরে জল বেড়ে যাওয়ায় তলিয়ে নিয়ে যায় সেতু।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বালাসন নদীর পাশে থাকা স্থানীয়দের স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। বাঁধ না থাকায় নদীর জল ধীরে ধীরে ঢুকে পড়ছে গ্ৰামের দিকে।সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে কার্শিয়াং বিডিও ও স্থানীয় প্রশাসন।
