উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, জলপাইগুড়ি-শিলিগুড়িতে রয়েছে একাধিক কর্মসূচি

ফুলবাড়ি, ২৭ জুলাইঃ আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জলপাইগুড়ি-শিলিগুড়িতে রয়েছে একাধিক কর্মসূচি। সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ি জুড়ে তার একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের তরফে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে প্রথমে জেলা প্রশাসনিক ভবনে সিকিমে ধসে মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর হেলিকপ্টারে জল্পেশ মন্দিরে গিয়ে পুষ্পবৃষ্টি করবেন এবং বিশেষ পূজায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। পরে দুপুর ২টা নাগাদ শিলিগুড়ির উত্তরকন্যায় পৌঁছে অর্থমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।বিকেলে শিলিগুড়ির বর্ধমান রোডে নির্মিত নতুন উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উত্তরকন্যা সংলগ্ন হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। ফ্লেক্স ও ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে উত্তরকন্যা চত্বর। পাশাপাশি গোটা এলাকাজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। প্রশাসনের দাবি, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes