উত্তরকন্যার সামনে পথ দুর্ঘটনা, বাইক-লরির সংঘর্ষে গুরুতর আহত ২

ফুলবাড়ি, ২৭ জুলাইঃ উত্তরকন্যার সামনে পথ দুর্ঘটনা, বাইক-লরির সংঘর্ষে গুরুতর আহত ২, ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, একটি বাইকে করে এক ব্যক্তি ও মহিলা শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। উত্তরকন্যা ট্রাফিক পয়েন্টে সিগন্যাল লাল হওয়ায় বাইকটি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, সেইসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক আরোহী দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।রাস্তায় বিক্ষোভে সামিল হন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।উত্তেজিত জনতা অভিযুক্ত মালবাহী গাড়িতে সামান্য ভাঙচুরও চালায়। পরে নিউ জলপাইগুড়ি থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোষ্টের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, এদিনই উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল। সেই নিরাপত্তার মধ্যেই উত্তরকন্যার সামনে এমন দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes